র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি টিম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতরা হচ্ছেন- মো. লালটু (৩০) ও মো. রানা মোল্লা (৩৫)।
আজ বৃহস্পতিবার (১৪ মে) অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি লালবাগ ক্যাম্প জানতে পারে, ঢাকা- মাওয়া মহাসড়কে যাত্রীবাহি গাড়ি যোগে একটি চক্র মাদক পাচার করবে । এই সংবাদের ভিত্তিতে সিপিসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার বিকেল ৪ টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজার নিকট একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাসি কার্যক্রম চালায়। বিকেল সোয়া ৪ টার সময় একটি যাত্রীবাহি গাড়ি তল্লাশি করে ৫৬ বোতল ফেনসিডিলসহ( যার আনুমানিক বাজার মূল্য ১,৯৬,০০০/- এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ চার হাজার পাঁচশত টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাকা গ্রামের ইজাহার মন্ডলের ছেলে মো. লালটু ও একই থানার পাথিলা ফার্ম পাড়া এলাকার জসিম মোল্লার ছেলে মো. রানা মোল্লা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক, টাকা, মোবাইলসহ আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।