চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালনা না করা হলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, বেইজিংয়ে চীন-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠকে তাইওয়ানের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতাকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।
বৈঠকের শুরুতে ট্রাম্প তার উদ্বোধনী বক্তব্যে শি জিনপিংকে ‘মহান নেতা’ ও ‘বন্ধু’ বলে প্রশংসা করেন এবং দুই দেশের জন্য একটি চমৎকার যৌথ ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। তবে শি তুলনামূলক সংযত ভাষায় বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়‘। এর পর তিনি শুরুতেই তাইওয়ান ইস্যুর গুরুত্ব তুলে ধরেন।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, তাইওয়ানের ব্যাপারটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে শি বলেন, ‘এটি সঠিকভাবে পরিচালিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল থাকতে পারে। কিন্তু ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি মুখোমুখি অবস্থায়ও যেতে পারে, যা পুরো সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে।’
তিনি আরও বলেন, `তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টা তাইওয়ান প্রণালির শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অভিন্ন স্বার্থ হলো প্রণালিতে শান্তি বজায় রাখা।‘
শির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাইওয়ান জানায়, যুক্তরাষ্ট্র তাদের প্রতি স্পষ্ট ও দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।