চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার শুনানি শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হতে পারে।
বৃহস্পতিবার ( ১৪ মে) এই যুক্তিতর্ক শেষ হয়।
এর আগে, গত বছরের ৩০ নভেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। একই দিনে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনুর রিভিউ আবেদন শুনানি হয়। তার পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সিফাত মাহমুদ ও মনসুরুল হক। উভয় পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়। ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয় এবং সেদিন বিচারক তাকে অভিযোগগুলো পড়ে শোনান।
গত বছরের ২৯ সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগের ২৫ সেপ্টেম্বর জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতায় সহযোগিতাসহ আটটি অভিযোগ এনে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরবর্তীকালে শুনানিতে অভিযোগগুলো উপস্থাপন করা হলে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।