নান্দাইলে আলমগীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে আলোচিত আলমগীর হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. রাজন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার (১৩ মে) রাতে উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আলমগীর হোসেন স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন। এ কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ রাতে আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা আলমগীর হোসেনকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর নান্দাইল থানার সংগ্রামখেলী বাজার সংলগ্ন এলাকা থেকে আলমগীর হোসেনের বস্তাবন্দী ও মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।