কুড়িগ্রামে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়নের অধীন প্রতিটি বর্ডার আউট পোস্ট (বিওপি) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্তে টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব-উল-হক বলেন, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।