ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় আকৃতির রুপালি ইলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয় ৯ হাজার ৮০০ টাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর এলাকার জেলে তছির মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে সকালে মেঘনা নদীতে মাছ শিকারে যান। নদীতে জাল ফেলে কিছুক্ষণ পর জাল তুলতেই ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে স্থানীয়দের ভিড় জমে যায়।
পরে দুপুরে মাছটি ঘাটে নিয়ে আসা হলে নিলামের আয়োজন করা হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী হেজু বেপারী।
হেজু বেপারী জানান, মাছটির ওজন ও আকৃতি বেশ ভালো হওয়ায় তিনি ৯ হাজার ৮০০ টাকায় মাছটি কিনেছেন। বড় সাইজের ইলিশ হওয়ায় বাজারেও এর চাহিদা বেশি রয়েছে বলে জানান তিনি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সরকারের নিষেধাজ্ঞা ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সুফল এখন পাওয়া যাচ্ছে। ফলে নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। এছাড়া বৃষ্টিপাত বাড়লে নদীতে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে বলেও আশা প্রকাশ করেন।