ফেসবুকে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার, টাঙ্গাইলে যুবক আটক

টাঙ্গাইলের কালিহাতীতে দীর্ঘদিন ধরে একটা সংঘবদ্ধ চক্র ফেসবুকে ভুয়া আইডি দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও বিত্তবানসহ সাধারণ মানুষদের টার্গেট করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই অপপ্রচার চালানো হচ্ছিল। ওই চক্রটি উড়ো চিঠি দিয়ে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিতো বলে জানা গেছে।

সম্প্রতি এনিয়ে কালিহাতী পৌর শহরের রাজা মিয়া নামে এক ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে শহিদ সিকদার (২৮) নামের এক যুবককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। শহিদ উপজেলার পারখী ইউনিয়নের পারখী উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম। এর আগে গত বুধবার (১৩ মে) রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শহিদ সিকদারকে আটক করা হয়।

ওসি তৌফিক আজম জানান, উদ্দেশ্যে প্রণোদিতভাবে শহিদসহ চক্রটি এআই দিয়ে ভয়েস বানিয়ে পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাতো। প্রযুক্তির সাহায্যে বুধবার শহিদকে আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপপ্রচারের কথা স্বীকার করেছে। মাদক কারবারসহ বিভিন্ন অপরাধেও জড়িত সে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মূলহোতাদের ধরতে পুলিশ কাজ করছে।