নান্দাইলে কৃষকের আট গরু চুরি 

ময়মনসিংহের নান্দাইলে রাতের অন্ধকারে তিন কৃষকের আট গরু চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। উপজেলার শেরপুর ইউনিয়নের  ২ নং ওয়ার্ডের  শেরপুর সরকার বাড়িতে  ১৩ মে দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বিপুল মিয়া জানান, আমরা গরু গুলোকে রাতের খাবার দিয়ে ঘুমিয়ে যাই। ভোরবেলা ভুক্তভোগী এমদাদ মাষ্টার ফজরের নামাজের আজান দিতে উঠে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা, গোয়ালে ঢুকে দেখতে পায় গোয়ালে থাকা গরু চুরি গেছে। উনার  ডাকাডাকিতে বাড়ির সবাই জেগে উঠলে খোঁজ পাওয়া যায় পাশাপাশি তিনটি গোয়াল থেকে আটটি গরু চুরি হয়েছে।

তারমধ্যে এমদাদ মাস্টারের দুটি ষাঁড় একটি বকনা গরু, টুটুল মিয়ার একটি ষাঁড় দুটি বকনা, সাজন মিয়ার একটি গাভী একটি ষাঁড় গরু চুরি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন জানান, গভীর রাতে একটি সংঘবদ্ধ চোর চক্র এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিন কৃষকের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থাকার ওসি আজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।