গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আনার মাত্র এক সপ্তাহের মধ্যেই দাম্পত্য জীবনে অশান্তির ইঙ্গিত দিলেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তার সংসার ভাঙার চেষ্টা চলছে এবং এ ঘটনায় শোবিজ অঙ্গনের কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে।
স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সুবাহ জানান, গত এক বছরে শোবিজের কথিত কয়েকজন মডেল ও অভিনেত্রী তার বৈবাহিক সম্পর্কে সমস্যা তৈরির চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাদের মধ্যে কেউ কেউ তার স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বলেও তিনি জানতে পেরেছেন।
তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, কাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সুবাহ। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তার স্বামীর আচরণ নিয়েও।
জানা গেছে, সুবাহর স্বামী হাসান যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। দীর্ঘদিন বিষয়টি আড়ালে রাখলেও সম্প্রতি নিজেই বিয়ের খবর প্রকাশ করেন ‘বসন্ত বিকেল’খ্যাত এই অভিনেত্রী।
এদিকে শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, সুবাহর সঙ্গে সম্পর্কের জেরে হাসান তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সুবাহ।