ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'ডুনস টি-টোয়েন্টি লিগ'।
আর এই নতুন যাত্রায় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। তার মেন্টরশিপে থাকা 'ইউনিক স্পোর্টস গ্রুপ' এবং 'প্রোলিথিক ট্যালেন্ট এজেন্সি' থাকছে পার্টনারশিপে।
লিগের শুভেচ্ছাদূত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২০১১ বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, 'সৌদি আরবে ক্রিকেটের এমন এক রোমাঞ্চকর সময়ে ডুনস টি-টোয়েন্টি লিগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই লিগের লক্ষ্য হলো নতুন একটি বাজারে ক্রিকেটের বিস্তার ঘটানো এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করা। আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তিদের পাশাপাশি উদীয়মান তরুণদের একসাথে খেলতে দেখাটা হবে দারুণ ব্যাপার।'
আয়োজক সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লিগটি সৌদি আরবে ক্রিকেটের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে। তাদের লক্ষ্য হলো বিশ্বমানের একটি ক্রীড়া বিনোদন তৈরি করা এবং একই সাথে সৌদি আরবের স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ করে দেওয়া।
মোট ৬টি দল নিয়ে আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠের লড়াই শুরু হওয়ার কথা রয়েছে।
- প্রতিটি দলে সর্বোচ্চ চারজন এমন খেলোয়াড় থাকতে পারবেন, যারা গত দুই বছরের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই নিয়মটি অনুসরণ করার মূল কারণ হলো আইসিসির সেই বিশেষ শর্ত এড়ানো, যার জন্য সংস্থাটির সরাসরি অনুমোদনের প্রয়োজন পড়ে।
- আকর্ষণীয় পারিশ্রমিক: লিগটিতে ক্রিকেটারদের জন্য মোটা অংকের পারিশ্রমিকের ব্যবস্থা রাখা হয়েছে। জানা গেছে, শীর্ষ স্তরের খেলোয়াড়দের পারিশ্রমিক ১,০০,০০০ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা) পর্যন্ত পৌঁছাতে পারে।