ফিরছে ব্যাডমিন্টন লিগ

সবশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। এরপর নানা কারণে বন্ধ হয়ে যায় শাটলারদের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসর। নতুন উদ্যমে আজ রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের। আজ সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট সাতটি দল। দলগুলো হলো ঢাকা গ্ল্যাডিয়েটরস বিসি, নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, ভাস্তিকা স্পোর্টস, অ্যালোরা শাটলার একাডেমি, গুলশান স্পোর্টিং ক্লাব ও ইউরোপা ইয়ুথ ব্যাডমিন্টন ক্লাব। পুরুষ ও নারী উভয় বিভাগের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে মিশ্র দ্বৈতের এই লিগ। শতাধিক শাটলার এবারের লিগে অংশ নেবেন।

দেশের ব্যাডমিন্টনে একসময় জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিযোগিতা থাকলেও গত কয়েক বছরে সেই ধারাবাহিকতা কমে যায়। বিশেষ করে ক্লাবভিত্তিক টুর্নামেন্ট কমে যাওয়ায় নতুন খেলোয়াড়দের উঠে আসার পথও কিছুটা সংকুচিত হয়েছিল। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, প্রথম বিভাগ লিগের পুনরারম্ভ দেশের ব্যাডমিন্টনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন মনে করেন, ‘এই লিগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। দীর্ঘদিন প্রথম বিভাগ লিগ বন্ধ থাকায় অনেক খেলোয়াড় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ ক্লাবভিত্তিক লিগই ছিল তাদের উপার্জনের অন্যতম বড় মাধ্যম। নতুন করে এই প্রতিযোগিতা চালু হওয়ায় খেলোয়াড়দের মধ্যে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে।’

মিশ্র দ্বৈতভিত্তিক এই লিগে প্রতিটি দলেই রয়েছে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার প্রত্যাশা করছেন দর্শকরাও। আয়োজকদের লক্ষ্য, নিয়মিত লিগ আয়োজনের মাধ্যমে দেশের ব্যাডমিন্টনকে আবারও প্রাণবন্ত করে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলোয়াড় তৈরি করা।