প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সবার জন্য সুবিধা থাকবে বাজেটে

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব তৈরি করছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা, বিনিয়োগ ও জনবান্ধব বাজেট তৈরি ও বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে জানান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী বাজেট প্রণয়নে নির্বাচনী ইশতেহারকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের নিয়ে বাজেট সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে এ দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা থেকে শুরু করে ওই বৈঠক চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময় প্রস্তাবিত বিভিন্ন খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ আয়কর, ভ্যাট ও শুল্ক নীতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী আসন্ন বাজেট যাতে মানুষের জন্য কষ্টের কারণ না হয় এবং তা সাধারণের মনে বিরূপ কোনো প্রতিক্রিয়া তৈরি না করে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নির্বাচনী ইশতেহার পূরণে কর্মসংস্থান বাড়ানো এবং শিল্প উদ্যোক্তাদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, বাজেটে শিল্প উদ্যোক্তাদের ব্যবসাবান্ধব সুযোগ-সুবিধা দেওয়া এবং কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজেটের কারণে সাধারণ মানুষের জীবনে বা জনজীবনে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেটাও খেয়াল রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ধরনের যাবতীয় প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী একটি একটি করে দেখেছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান।