বায়ুদূষণে ঢাকার অবস্থান কত?

বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। অপরদিকে তালিকার ৫৯ নম্বর রয়েছে বাংলাদেশের ঢাকা। যার বায়ুমান স্কোর ৫০।

শুক্রবার (১৫ মে) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। সেনেগালের রাজধানী ডাকার ১৬২ বায়ুমান স্কোর নিয়ে রয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে।

একিউআই লাইভ আপডেটে বলা হয়, তালিকায় বায়ুমান স্কোর ১৫৬ নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালা। ৪র্থ স্থানে মিশরের রাজধানী কায়রো। যার বায়ুমান স্কোর ১৫৫। এছাড়া ৫ম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। যার বায়ুমান স্কোর ১৫১।

বায়ুমান বিশেষজ্ঞরা জানান, আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোর থাকলে তা বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।