যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিষয়ে তিনি আর খুব বেশি ধৈর্য ধরবেন না। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের বিষয়টিকে তিনি নিরাপত্তার চেয়ে জনমত ব্যবস্থাপনার অংশ বলেই ইঙ্গিত দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি আর খুব বেশি ধৈর্য ধরতে যাচ্ছি না। তাদের চুক্তিতে আসা উচিত।'
সাক্ষাৎকারে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি মূলত জনসংযোগ বা জনমতের দৃষ্টিকোণ থেকেই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'জনসংযোগের দিক ছাড়া আমি মনে করি না এটি খুব প্রয়োজনীয়। তবে বিষয়টি আমার হাতে থাকলে আমি স্বস্তি বোধ করতাম। কিন্তু বাস্তবে এটি নিরাপত্তার চেয়ে জনমতের বিষয়ই বেশি।'
বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী স্বীকৃত নয়টি দেশের একটি যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, ইরানকে তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে সরিয়ে নিতে হবে এবং নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলছে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির সদস্য হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিশেষ করে জ্বালানি ও গবেষণার কাজে, পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার রাখে। এরই মধ্যে ১২ মে ইরানের পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, দেশটির ওপর আবারও হামলা হলে ইরান ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে, যা অস্ত্রমানের পর্যায় হিসেবে বিবেচিত হয়।