ঈদের ছুটির আগে বেতন-বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (জিটিইউসি)। শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবির বিষয়ে জানানো হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, শ্রমিকের শ্রমে দেশের অর্থনীতি চলে। শ্রমিকের রক্ত পানি করা শ্রম ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। শুধু উৎপাদন নয় এদেশের শ্রমিকের অবদান আরও বড়। অথচ সেই শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা সুফল থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয় বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হারে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হয় না কখনো। এতে শ্রমিকের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠে দিন দিন।
তিনি বলেন, ২০ মে’র মধ্যে ঈদ বোনাস, বেতন ও সকল বকেয়া পাওনা পরিশোধ করতে মালিকদেরও বাধ্য করতে সরকারকে কঠিন ব্যবস্থা নিতে হবে অন্যথায় শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তাদের পাওনা আদায় করবে।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, বর্তমানে অনেক কারখানায় নিয়মিত বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে, ঈদ বোনাস সময়মতো দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাও বাড়ছে। একই সঙ্গে কাজের চাপ ও উৎপাদন লক্ষ্য বাড়ানো হলেও শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হচ্ছে না।
সমাবেশ নেতারা জোর দিয়ে বলেন, ঈদের আগে সকল গার্মেন্টস শ্রমিকের পূর্ণ বেতন, ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
শ্রমিক সমাবেশ শেষে একটি মিছিল কদমফুল ফোয়ারা ঘুরে তোপখানা সড়ক হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।