মোশাররফের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

চট্টগ্রামে আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় অভিযোগে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ মে)  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জানমালের ক্ষতি করার চেষ্টাকালে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।