৪৮৪ ম্যাচের অভিজ্ঞ ওরা চার বেলজিয়ান

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সব প্রচেষ্টা অবশেষে সফল হলো রোমেলু লুকাকুর। আগামী বিশ্বকাপের জন্য ঘোষিত বেলজিয়ামের দলে জায়গা করে নিয়েছেন নাপোলির এই তারকা স্ট্রাইকার।

লুকাকু ছাড়াও বেলজিয়ামের মিডফিল্ডের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনা এবং রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া নিজেদের চতুর্থ বিশ্বকাপ অভিযানে নামতে যাচ্ছেন।

বেলজিয়ামের হয়ে লুকাকু ১২৪টি, ডি ব্রুইনা ১১৭টি এবং কোর্তোয়া ১০৭টি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার দিক থেকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল হতে যাচ্ছে বেলজিয়াম। তবে অভিজ্ঞতায় এই তিন তারকাকেও ছাড়িয়ে গেছেন ৩৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল। তিনিও নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং বেলজিয়ামের জার্সিতে ইতিমধ্যে ১৩৬টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে এই চারজনের অভিজ্ঞতা ৪৮৪ ম্যাচের। 

৩৩ বছর বয়সী স্ট্রাইকার লুকাকু গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে গোল করার পর থেকে প্রায় এক বছর ধরে জাতীয় দলের হয়ে খেলেননি। ইনজুরির কারণে চলতি মৌসুমে নাপোলির হয়ে সিরি আ-তে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মার্চ ও এপ্রিলে বেলজিয়ামের প্রীতি ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হলেও ফিটনেস সমস্যার কারণে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

লুকাকুকে নিয়ে কোড রুডি গার্সিয়া সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে খেলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত নই ও শুরু থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কি না। তবে লুকাকু আমাদের সেরা স্ট্রাইকার এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’

অন্যদিকে, জাতীয় দলের হয়ে গোলরক্ষক কোর্তোয়ার শেষ ম্যাচ ছিল গত অক্টোবরে। ইনজুরি সমস্যার কারণে বেলজিয়ামের সাম্প্রতিক স্কোয়াডগুলোতে তিনি জায়গা পাননি, তবে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়া বেলজিয়ামের আক্রমণভাগে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা যোগ করতে থাকছেন আর্সেনালের ফরোয়ার্ড লিয়ান্দ্রো ত্রোসার্দ এবং ম্যানচেস্টার সিটির উইঙ্গার জেরেমি ডোকু।

কোচ রুডি গার্সিয়া ১৭ বছর বয়সী তরুণ মিডফিল্ডার নাথান ডি ক্যাটকে স্কোয়াডে রাখেননি। দলে সুযোগ পেলে তিনি হতেন এবারের বিশ্বকাপের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়। গত মার্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ের ম্যাচে বেলজিয়ামের হয়ে ডি ক্যাটের অভিষেক হয়েছিল। এছাড়া জুভেন্টাসের বেঞ্চে অধিকাংশ সময় কাটানো ফরোয়ার্ড লোইস ওপেন্ডাও স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

আগামী ১৫ জুন মিশরের বিপক্ষে 'জি' গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বেলজিয়াম। এরপর ২১ জুন ইরান এবং ২৭ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম ২০২২ সালের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার আরও ভালো কিছু করতে মরিয়া।

বেলজিয়াম স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।
ডিফেন্ডার: টিমোথি কাস্টাগনে, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেল, থমাস মিউনিয়ার, নাথান এনগয়, জোয়াকিন সেসি, আর্থার থিয়েট।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিলেমান্স, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেইরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ত্রোসার্দ।