ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে

বায়ুদূষণের তালিকায় আজ ৪৪৭ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, শুক্রবারের মতো শনিবারও ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। তালিকায় ৩৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ৬২, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

শনিবার (১৬ মে) সকাল ৯টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২২৬, তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৬৩, চতুর্থ স্থানে রয়েছে উগান্ডার কামপালা, স্কোর ১৫২,  পঞ্চম স্থানে রয়েছে ফিলিপেনের, ম্যানিলা, স্কোর ১৩২।

বায়ুমান বিশেষজ্ঞরা জানান, আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোর থাকলে তা বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।