কুড়িগ্রাম

ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা অঞ্চলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও গৃহবধূ আহত হন। শনিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলার চর বিষ্ণুপুর গ্রামে এঘটনা ঘটে।

মৃত রিয়াজুল ইসলাম (৩৮) ওই গ্রামের কেরামত আলীর ছেলে।

আহতরা হলেন একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) ও একই ইউনিয়ন গৃহবধূ ইসমেতারা।

নিহতের পরিবারের বরাতে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস জানান, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময়  মাঠে বজ্রাঘাতে গুরুতর আহত হয় রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

এদিকে, একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের কিশোর বায়েজিদ ও গৃহবধু ইসমেতারা পাকের ঘরে থাকা অবস্থায় আহত হন। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।