গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। একই সময় নতুন করে এক হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, গতকাল শুক্রবার ( ১৫ মে) দেশে হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে চার শিশু ও বাকি আটজনের শরীরে হামের উপসর্গ ছিল।
সরকারি হিসাবে বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ বিভাগে ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ১৫০ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে ৭৮ জন, চট্টগ্রামে ৩৫, ময়মনসিংহে ৩২, সিলেটে ৩০, বরিশালে ২৯, খুলনায় ১৯ জন এবং রংপুর বিভাগে চারজন হামের উপসর্গে মৃত্যু হয়েছে।