ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল কালো রঙের থ্রি-কোয়াটার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। এছাড়া তার শরীরে বিভিন্ন অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়,বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচে নৌকা দিয়ে পারাপারের সময় ব্রিজের পিলারের পাশে কচুরিপানায় সঙ্গে আটকে থাকা একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া। বরিশুর নৌ পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউল হক জানান, ধরালো অস্ত্র দিয়ে যুবকের গলা কাট ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি অন্তত ১০ দিন আগের হওয়ায় হাত-পায়ের চামড়া খসে গেছে। তাই পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুবকটিকে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ গুম করার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় জানা গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।