চলতি মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়ছেন তাদের গোলমেশিন রবার্ট লেভানডফস্কি। শনিবার ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী আগস্টে ৩৮ বছরে পা দিতে যাওয়া এই পোলিশ স্ট্রাইকারের চুক্তি শেষ হয়ে আসায়, তিনি ক্লাব ছাড়ছেন—এমনটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
২০২২ সালে যখন বার্সেলোনা চরম আর্থিক সংকট এবং লিওনেল মেসির বিদায়ের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেন লেভানডফস্কি। ক্লাবের পুনর্গঠনে তাকে একটি মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছিল।
বার্সেলোনার হয়ে চার মৌসুমে ১৯১টি ম্যাচ খেলে ১১৯টি চোখধাঁধানো গোল করেছেন তিনি। এই সময়ে ক্লাবটিকে চলতি মৌসুমসহ মোট তিনটি স্প্যানিশ লা লিগা এবং একটি কোপা দেল রে ট্রফি জেতাতে অনন্য ভূমিকা রাখেন এই স্ট্রাইকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লেভানডফস্কি লিখেছেন, 'চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমে ঘেরা চারটি বছর কাটানোর পর, এখন বিদায় নেওয়ার সময় এসেছে। আমার মনে হচ্ছে, আমি মিশন সফল করেই বিদায় নিচ্ছি।"
ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নিয়ে লেভানডফস্কি স্পষ্ট করে কিছু বলেননি। তবে গুঞ্জন রয়েছে, তিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিতে পারেন অথবা ইউরোপের বাইরের কোনো লিগে পাড়ি জমাতে পারেন।
চলতি মৌসুমে বার্সেলোনার কোচ হানসি ফ্লিকের অধীনে অপরিহার্য স্ট্রাইকার হিসেবে নিজের অবস্থান কিছুটা হারিয়েছিলেন লেভানডফস্কি। সাবেক বায়ার্ন কোচ ফ্লিক প্রায়শই লেভানডফস্কির জায়গায় তরুণ ফেরান তোরেসের গতি ও চপলতাকে বেশি পছন্দ করেছেন।
লেভানডফস্কির আক্রমণভাগের সতীর্থ লামিনে ইয়ামাল তার এই সিনিয়র পার্টনারের ভূয়সী প্রশংসা করেছেন। ইনস্টাগ্রামে ইয়ামাল লিখেছেন, 'আপনার গোল, আপনার নেতৃত্ব এবং প্রথম দিন থেকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য আপনাকে ধন্যবাদ। মাঠ এবং মাঠের বাইরে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনি সব সময়ই একজন কিংবদন্তি হয়ে থাকবেন।"
চলতি মৌসুমে বার্সেলোনার আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। রবিবার তারা রিয়াল বেতিসকে আতিথ্য দেবে এবং আগামী ২৩ মে ভালেন্সিয়ার মাঠে শেষ ম্যাচ খেলতে নামবে।