এফএ কাপের ১৫৫ বছরের ইতিহাসে ফাইনাল ম্যাচ নির্ধারণে এমন অবিশ্বাস্য এবং দুঃসাহসিক গোল খুব কমই দেখা গেছে। ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার অ্যান্টোইন সেমেনিয়োর তেমনই এক জাদুকরী গোলে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি।
পুরো ম্যাচজুড়ে দুই দলই যখন পরিষ্কার সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই দ্বিতীয়ার্ধে এক দর্শনীয় ব্যাকহিল গোলে ম্যাড়মেড়ে ফাইনালের ভাগ্য বদলে দেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৭২ মিনিটে আর্লিং হালান্ডের পাস থেকে আসা বলটি চেলসি ডিফেন্ডারের কড়া নজরদারির মধ্যেই নিজের পেছনের পা দিয়ে দারুণ এক ফ্লিকে জালে জড়ান ঘানার এই আন্তর্জাতিক তারকা। চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
এই জয়ের ফলে ঘরোয়া ট্রেল জয়ের দৌড়ে টিকে রইল পেপ গার্দিওলার দল। গত মার্চেই ইংলিশ লিগ কাপ (কারাবাও কাপ) ঘরে তোলা সিটি বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে; লিগের আর মাত্র দুটি রাউন্ড বাকি।
ম্যানচেস্টার সিটির ১০ বছরের কোচিং ক্যারিয়ারে এটি গার্দিওলার ১৭তম প্রধান ট্রফি এবং সব মিলিয়ে তার ক্যারিয়ারের ৩৫তম শিরোপা। এই নিয়ে সিটি মোট ৮ বার এফএ কাপের শিরোপা জিতল, যার মাধ্যমে তারা চেলসি, লিভারপুল ও টটেনহ্যামের সাথে যৌথভাবে অল-টাইম তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। সবচেয়ে বেশি ১৪ বার এই টুর্নামেন্ট জিতেছে আর্সেনাল এবং ১৩ বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
টানা গত দুই আসরের ফাইনালে হেরে যাওয়া সিটির জন্য এই শিরোপাটি ছিল মধুর প্রতিশোধের মতো। ম্যাচ শেষে সিটির সমর্থকরা করতালির মাধ্যমে বিদায়ী তারকা বার্নার্দো সিলভা এবং জন স্টোন্সকে সম্মান জানান, যারা এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। সিটিজেনদের হয়ে ২০টি ট্রফি (কমিউনিটি শিল্ডসহ) জেতা বার্নার্দো সিলভা আবেগঘন কণ্ঠে বলেন, 'আমি এখানে আসার পর থেকে ২০টি ট্রফি জিতেছি, যা মোটেও মন্দ নয়। ম্যানচেস্টার সিটির জন্য আমার মনে অন্যরকম ভালোবাসা রয়েছে।"
>
অন্যদিকে, এই হারে চেলসির চলতি মৌসুমের ট্রফিহীন থাকার বিষয়টি নিশ্চিত হলো—অথচ ঠিক এক বছর আগেই তারা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ক্লাবটির চলমান অভ্যন্তরীণ সংকটের অংশ হিসেবে ম্যাচ শুরুর আগে চেলসি সমর্থকরা তাদের আমেরিকান মালিকদের বিরুদ্ধে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভও প্রদর্শন করেন। তবে সব প্রতিকূলতার মাঝেও অন্তর্বর্তীকালীন অনভিজ্ঞ কোচ ক্যালাম ম্যাকফারলেন যেভাবে গার্দিওলার বিশ্বসেরা দলকে দীর্ঘক্ষণ আটকে রেখেছিলেন, তা প্রশংসার দাবিদার।
গত জানুয়ারিতে বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই বাজিমাত করলেন সেমেনিয়ো। সিটির জার্সিতে ইতিমধ্যেই ১০টি গোল করে দলকে দুটি ট্রফি জেতাতে মূল ভূমিকা রাখলেন এই ফরোয়ার্ড।