বাংলাদেশে গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রথম স্বীকৃত ডাইরেক্ট অ্যাক্সেস এন্টিটি (ডিএই) ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আজ থেকে শুরু করতে যাচ্ছে সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ও সচেতনতামূলক সেশন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা, কনসেশনাল ফাইন্যান্সিং সুবিধা এবং জিসিএফ. কর্মসূচির আওতায় অর্থায়নপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও ধারণা বৃদ্ধি করা। কর্মশালাগুলোতে ইন্টারঅ্যাকটিভ সেশন, কারিগরি আলোচনা এবং জ্ঞান ও মতবিনিময় কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্ষমতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রকল্প উন্নয়ন দক্ষতা শক্তিশালীকরণ এবং টেকসই ও জলবায়ু সহনশীল উন্নয়নে অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।