দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে উৎপাদনমুখী কর্মসংস্থানে ঋণপ্রবাহ অব্যাহত রাখার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। পাশাপাশি কৃষি খাত, মৎস্য খাত ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।
গতকাল শনিবার খুলনায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ¥াসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সভায় ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর বাংলাদেশ ব্যাংক বিশেষ গুরুত্ব আরোপ করে। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে অংশীজনদের মতামত গ্রহণের জন্য এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের এবং মো. রুকনুজ্জামানসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসা ও শিল্পোদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানিকারক, কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিনিধি, খুলনা উইমেন চেম্বার ও খুলনা চেম্বারের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী মুদ্রানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং অন্যদিকে উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রমে ইতিবাচক গতি বজায় থাকে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও রপ্তানিমুখী শিল্প খাতে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।