ট্রেনে ঈদ যাত্রা: আজ শেষ দিনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রোববার (১৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে এবং ২৬ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।