পর্দায় কিংবা বিভিন্ন জমকালো অনুষ্ঠানে সাধারণত শাড়ি বা গাউনেই বেশি দেখা যায় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। তবে এবার সেই চেনা বৃত্ত ভেঙে সম্পূর্ণ ব্যতিক্রমী ও আধুনিক লুকে ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ নতুন ছবি প্রকাশ পেয়েছে, যা নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ট্র্যাডিশনাল লুকের বাইরে গিয়ে ওয়েস্টার্ন পোশাকে অভিনেত্রীর এমন উপস্থিতি ভক্তদের দারুণ চমকে দিয়েছে।
ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে অপুকে দেখা গেছে একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরিহিত অবস্থায়। মডার্ন এবং ক্লাসিক ঘরানার এই পোশাকে অভিনেত্রীর আত্মবিশ্বাসী উপস্থাপনা সবার নজর কেড়েছে। মাটির রঙের একটি দেয়ালের ব্যাকগ্রাউন্ডে করা এই ফটোশুটটি তার লুকে ভিন্ন এক নান্দনিক মাত্রা যোগ করেছে। ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’ তার এই নতুন রূপ দেখে ভক্তরা সামাজিক মাধ্যমে প্রশংসায় মেতে উঠেছেন।
শাড়ি-গাউনের বাইরে গিয়ে অপুর এমন ওয়েস্টার্ন লুকের ছবি দেখে অনুরাগীদের মনে নতুন জল্পনা-কল্পনার ডালপালা গজাতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবিগুলো শেয়ার করে ধারণা করছেন, এটি হয়তো তার আসন্ন চলচ্চিত্র ‘দুর্বার’-এর কোনো বিশেষ লুক। তবে খোঁজ নিয়ে জানা গেছে, কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, বরং সম্প্রতি একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতেই তিনি এই বিশেষ সাজে হাজির হয়েছিলেন। বড় পর্দায় নতুন সিনেমার কাজের চেয়ে বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক ব্র্যান্ডের শোরুম উদ্বোধনেই বেশি সরব উপস্থিতি দেখা যাচ্ছে এই ঢালিউড কুইনের।