ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের পুরো এলাকায় কম্পন অনুভূত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (১৭ মে) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত আল-কুদসের (জেরুজালেম) পশ্চিমে বেইত শেমেশ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে কাজ করা টোমের কোম্পানি এক বিবৃতিতে জানায়, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বনির্ধারিত একটি পরীক্ষা ছিল এবং পরিকল্পনা অনুযায়ীই তা সম্পন্ন হয়েছে।
কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে ঘটনাটিকে একটি নিয়ন্ত্রিত পরীক্ষার অংশ হিসেবে তুলে ধরা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভিন্ন চিত্র দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে বিশাল বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা অনেক দূর থেকেও দৃশ্যমান ছিল।
ঘটনাটি নিয়ে ইসরায়েলের সামরিক-শিল্প অবকাঠামোর নিরাপত্তা ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে ঘটনার পর দীর্ঘ সময় ইসরায়েলি সেনাবাহিনী বা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। পরে টোমের কোম্পানির পক্ষ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।