দেশের সব বিভাগে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এই সময়ে কোনো কোনো অঞ্চলে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
এ পরিস্থিতিতে রবিবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভরি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের এ প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।