চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সঙ্গে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে। চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা চাই।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।