ব্যাংকিং সেক্টরে তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং সিজন ২.০’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের বিশেষ অতিথি ছিলেন চবি উপ উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
তিনি বলেন, আমরা এখন বিশ্বগ্রামে বাস করছি। বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি যে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেই গতিতে এগিয়ে যেতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে যোগ্য ও দক্ষ জনবল গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।
উপ উপাচার্য বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতের অবস্থা খুবই নাজুক। দক্ষ, যোগ্য এবং নৈতিকতা সম্পন্ন জনবল গঠনের মাধ্যমেই এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কর্পোরেট জগতের জন্য উপযোগী ‘অ্যাডভান্সড সিভি রাইটিং’ কর্মশালা। এই সেশনটি পরিচালনা করেন এইচআর পারসেপশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিভি রাইটিং বিশেষজ্ঞ সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল। তিনি শিক্ষার্থীদের একটি মানসম্মত ও পেশাদার সিভি তৈরির খুঁটিনাটি কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন।
এছাড়া বক্তারা শিক্ষার্থীদের ব্যাংকিং খাতের আধুনিক চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনার কথা তুলে ধরে ক্যারিয়ার গঠনে নানামুখী দিকনির্দেশনা দেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি কর্পোরেট ভিডিও প্রদর্শনী করা হয়। ইয়েসের সভাপতি রাহনুমা রাহমান নিকিতার সভাপতিত্বে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
চবি অর্থনীতি বিভাগের ‘ইয়ং ইকোনমিস্টস' সোসাইটি (ইয়েস)’র আয়োজনে ও প্রাইম ব্যাংক পিএলসির সহযোগিতায় এ আয়োজনে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো.কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ইয়ং ইকোনমিস্টস সোসাইটির (ইয়েস) সাধারণ সম্পাদক শাহ মুসা আল কাজিম প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, ইয়েসের নেতা ও সদস্য, শিক্ষার্থী ও প্রাইম ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।