দেশীয় টেলিকম শিল্প বিকাশে নীতিগত সহায়তার আহ্বান ইশরাক হোসেনের

দেশের টেলিযোগাযোগ খাতের বিকাশে নীতিগত সহায়তা ও দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা শুধু একটি সেবা খাত নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

রবিবার ১৭ মে রাজধানীর আগারগাঁ বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, বর্তমানে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় টেলিযোগাযোগ খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় কোম্পানিগুলোর বিকাশ এবং বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হলেও টেলিকম সাবস্ক্রাইবারের দিক থেকে দেশটি ২০তম অবস্থানে রয়েছে। তবে সেবার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি মন্তব্য করেন।

এ অবস্থায় কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টারা যথাযথ ভূমিকা রাখবেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশীয় টেলিকম শিল্পকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।