বিইউএফটি’র সঙ্গে চার প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে রবিবার (১৭ মে) চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মজুমদার গ্রুপ, গ্রামীণ হেলথ লিমিটেড (সুখী), ই-জোন এইচআরএম লিমিটেড এবং ওয়েটি বাংলাদেশের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার প্লেসমেন্ট, স্বাস্থ্যসেবা সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন মজুমদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. সাজ্জাদ, গ্রামীণ হেলথ লিমিটেড (সুখী)-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, ই-জোন এইচআরএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল আহসান এবং ওয়েটি বাংলাদেশের পক্ষে মহিউদ্দিন শেখ। বিইউএফটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. নাছির, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং এমওইউ কর্মসূচির সমন্বয়কারী ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সিনিয়র কো-অর্ডিনেটর মালিক শামীম আখতার। বক্তারা শিক্ষার্থীদের কর্মসংস্থান সক্ষমতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য কার্যকর সুযোগ তৈরিতে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।