প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ঈদে সীমান্ত দিয়ে পশু আসতে দেওয়া হবে না

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো পশু প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু রয়েছে এবং স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টায় বগুড়ার নওদাপাড়ায় মম ইন কনভেনশন সেন্টারে “টেকসই প্রাণীসম্পদ উন্নয়নে আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে জেলার তিন শতাধিক খামারি অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, সীমান্তের বিজিবি সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আগামী কোরবানির ঈদে সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে কোনো পশু আসবে না। খামারিদের ভয় পাওয়ার কিছু নেই। দেশের বিভিন্ন জেলায় পর্যাপ্ত পশু রয়েছে, বগুড়াতেও চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে।

তিনি আরও বলেন, সরকার খামারিদের কল্যাণে কাজ করছে এবং কৃষকদের মতো খামারিরাও কৃষক কার্ড পাবেন। পাশাপাশি খামারিদের ঋণ সংক্রান্ত বিষয়েও সরকার ইতোমধ্যে আলোচনা করছে। তিনি জানান, এবারের ঈদে খামারিরা যাতে ন্যায্যমূল্য পান সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুননাহার আহম্মদ। এছাড়া মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া।

সেমিনার শেষে সন্ধ্যায় বগুড়া জেলা কসাইখানা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও খামারিরা।