বিএডিসিতে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনায় সভা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিদ্যমান আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও অধিকতর শৃঙ্খলা আনতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে সংস্থার বিভাগীয় প্রধানদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

সভায় আজিজুল ইসলাম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বিএডিসিতে কর্মরত সবাইকে অধিকতর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে। তিবি বলেন, কৃষির অত্যাবশকীয় উপকরণসমূহ কৃষকদের কাছে আরও কার্যকরভাবে সরবরাহে বিএডিসি কাজ করছে।

ইতিমধ্যে বীজের গুণগতমান কৃষক পর্যায়ে আরও সমাদৃত করে তোলার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় নির্দেশনা সংবলিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। যা অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া যথাসময়ে সার সরবরাহ, সরকার নির্ধারিত মূল্যে কৃষক পর্যায়ে বিক্রি, অবৈধ মজুদ ও পাচার রোধে সার বিতরণ নীতিমালা অনুযায়ী আগমনী বার্তা দাখিল, রেজিস্টার সংরক্ষণ ও বিক্রি কার্যক্রম মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে পিপিআর ২০২৫ এবং অন্যান্য আর্থিক শৃঙ্খলা অনুসরণ করে কার্যক্রম সম্পাদনেও গুরুত্বারোপ করা হয়।