ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকা-ের তদন্ত চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। দুই সপ্তাহ আগে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ হাইকোর্টে এ রিট আবেদনটি করেন।
এ আইনজীবী গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে সব ক্ষেত্রে ছিল একটা অরাজক পরিস্থিতি। এই সময়ে তারা (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও অন্য উপদেষ্টারা) কি করেছেন তার তদন্ত হওয়া সমীচীন যে কি কর্মকা- তারা করেছেন। এ জন্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন গঠন হতে পারে। এ জন্যই এ আবেদনটি করা হয়। হাইকোর্ট শুনানি গ্রহণ করে আদেশের জন্য বৃহস্পতিবার ধার্য করেছে।’