যুক্তরাজ্য প্রবাসীদের গৌরব ও অবদানের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার লন্ডন–এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুর ১টায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে আয়োজিত এ সভায় উৎসবমুখর পরিবেশে প্রায় সাড়ে তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেন্টারের চিফ ট্রেজারার শিব্বির আহমদ। পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও সংগঠনের আর্থিক হিসাব উপস্থাপন করেন যথাক্রমে দেলোয়ার হোসেন ও শিব্বির আহমদ।
প্রতিবেদন দুটির ওপর আলোচনায় অংশ নেন পার্মানেন্ট মেম্বার প্রফেসর ড. সানওয়ার চৌধুরী, দিলওয়ার হোসেন, মোহাম্মদ আলী মজনু, মোহাম্মদ সরওয়ার আহাদ, ফিরোজ আহমদ এবং লাইফ মেম্বার দবির হোসেন। পরে সর্বসম্মতিক্রমে দুটি প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় বাংলাদেশ সেন্টারের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে বিশেষ অবদান রাখায় সেন্টারের প্রধান উপদেষ্টা ও পার্মানেন্ট মেম্বার নবাব উদ্দিনকে সম্মাননা জানানো হয়। ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সেন্টারের পক্ষ থেকে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
সাধারণ সভা শেষে শুরু হয় নির্বাচনী অধিবেশন। এতে মঞ্চে আসন গ্রহণ করেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে গঠিত তিন সদস্যের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রধান জজ ও সলিসিটর বেলায়েত হোসেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ব্যারিস্টার আবুল কালাম ও সলিসিটর মাহদি হাসান।
নির্বাচন কমিশন ঘোষণা করে, বাংলাদেশ সেন্টারের ২০২৬-২০২৮ সালের কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির ৩৮টি পদের বিপরীতে এককভাবে ৩৮টি বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি এবং বিধি অনুসারে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়।
পার্মানেন্ট মেম্বার ক্যাটাগরি থেকে নির্বাচিত ২১ জন হলেন মাহিদুল ইসলাম চৌধুরী, সামসুল ইসলাম সেলিম, জামাল মিয়া, আবু বকর খান, জাহিদুর রহমান, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ ফজর আলী, সাহেদ আহমদ, মানিক মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ সরওয়ার আহাদ, তফজ্জুল মিয়া, মোহাম্মদ হোসেন রহমান, ড. শাহানুর খান, করিম মিয়া শামীম, সেলিম চৌধুরী ও এনামুল করিম খান।
অন্যদিকে লাইফ মেম্বার ক্যাটাগরি থেকে নির্বাচিত ১৭ জন হলেন আমিনুল হক জিলু, মো. আবজল হোসেন, শামীম আহমদ, ড. রাজাউল হায়দার, মোহাম্মদ মামুন রশীদ, আলী আহমেদ বেবুল, আবু আহমেদ সরওয়ার, মোহাম্মদ সাদ চৌধুরী, মোহাম্মদ ময়নুল হক, মোহাম্মদ হাবিবুর রহমান, গুলনাহার থান, মোহাম্মদ এ আর সোহেল, হাফসা নূর, মরিয়ম রহমান পলি, মো. দেলোয়ার হোসেন, জুবের আহমদ ও শিব্বির আহমদ।
নির্বাচনের পর নবনির্বাচিত কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির তাৎক্ষণিক এক সভা অনুষ্ঠিত হয়। পার্মানেন্ট মেম্বার ড. শাহানুর খানের সভাপতিত্বে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য তফজ্জুল মিয়াকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া সভায় পূর্ণাঙ্গ কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। ওই সভায় বিভিন্ন পদ বণ্টন এবং একাধিক উপ-কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
সভা শেষে বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মৃত্যুবরণ করা ফাউন্ডার, পার্মানেন্ট, লাইফ ও জেনারেল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সেন্টারের খতিব ও লাইফ মেম্বার হাফিজ নাজিম উদ্দিন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত গঠনে যুক্তরাজ্য প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময় স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক সমন্বয়কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় বাংলাদেশ সেন্টারকে। এই সেন্টারেই ভারতের পর বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম দূতাবাস চালু হয়। লন্ডনের রয়্যাল বরো অব কেনজিংটন অ্যান্ড চেলসি এলাকার নটিংহিল গেইট টিউব স্টেশনের কাছে ২৪ পেমব্রিজ গার্ডেন্সে অবস্থিত ঐতিহাসিক এ প্রতিষ্ঠান।