ইরান পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ মে) অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএর পরিচালকসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীন সফর শেষে ভার্জিনিয়ায় নিজ গলফ ক্লাবে ফিরে বৈঠকটি করেন ট্রাম্প। চলতি সপ্তাহে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও একটি বৈঠক হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হলে সে অনুযায়ী পেন্টাগন ইতোমধ্যে কয়েকটি সম্ভাব্য পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হামলার বিকল্পও বিবেচনায় রাখা হচ্ছে।