মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকালে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আকবর মন্ডল মাশালিয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের সাথে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গটনার দিন সকালে আকবর মন্ডল গ্রামের মাঠে কাজে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তনিতা বিশ্বাস হ্যাপী বলেন, আমরা আকবর মন্ডলকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হামলায় একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।