আমরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন যেন ‘কারবালার পরিস্থিতি’ তৈরি না করে, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডির নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়। এ কারণে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সিইসি উল্লেখ করেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে।

সিইসি বলেন, আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতা কার্যক্রম ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।