হিলি স্থলবন্দরে বেড়েছে মসলা আমদানি, খুশি পাইকাররা

কুরবানির ঈদকে সমানে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা, এলাচ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। আমদানি বাড়ায় আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমের দিকে রয়েছে দাবি আমদানিকারকদের।

এদিকে মসলা জাতীয় পণ্যের দাম কমায় খুশি পাইকাররা। আমদানিকৃত পণ্য দ্রুত ছাড়করনে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি কাস্টমস কর্তৃপক্ষের।

ঈদুল আযহাকে ঘিরে মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। এতে করে সরবরাহ বাড়ায় দাম কমছে। মাসের ব্যবধানে আদা কেজিতে ২০টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১১০টাকা দরে। সাদা এলাচ কেজিতে ৫শ টাকা কমে এখন বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার দরে বিক্রি হচ্ছে। জিরা কেজিতে ৭০টাকা কমে এখন বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ টাকায়। আমদানির এমন ধারা অব্যাহত থাকলে দাম বাড়বে না দাবি আমদানিকারকদের।

এই বন্দর দিয়ে গত ১ জানুয়ারি থেকে ১৫মে পর্যন্ত ২৬ হাজার টন জিরা, বাদাম, এলাচ, কিচমিচ, কাজুবাদাম আমদানি হয়েছে। শুধু জিরা ও এলাচ আমদানি হয়েছে সাড়ে ৭ হাজার টন।

হিলি স্থলবন্দরে পণ্য কিনতে আসা আব্দুস সালাম বলেন দেশীয় আদার দাম বাড়তি ও সরবরাহ কমের কারণে আমদানিকৃত আদার চাহিদা বেড়েছে। আমদানি শুরু হওয়া আদার দাম আগের তুলনায় কমেছে। আগে যেখানে বন্দরে ১৩০ টাকা কেজি আদা পাইকাড়ি বিক্রি হয়েছে এখন সেখানে ১১০টাকা দরে বিক্রি হচ্ছে। এসব আদা গাইবান্ধা, রংপুর, বগুড়া, নীলফামারী, লালমনিরহাট, এসব জায়গাতেই বেশি চাহিদা থাকায় সরবরাহ করা হচ্ছে।

জিরা ও এলাচ কিনতে আসা শেরেগুল ইসলাম বলেন, আমদানির আগে যে জিরা কয়েকদিন বেশি দামে কিনতে হয়েছিল বন্দর থেকে। এখন সেই জিরা আমরা ৫৫০ টাকা দরে কিনতে পারছি। এছাড়া সাদা এলাচ আগে ছিল ৫হাজার টাকা সেই সাদা এলাচ এখন দাম কমে সাড়ে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া দাম কমার কারণে মোকামেও এসব পণ্যের চাহিদা আগের তুলনায় বেড়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক সারোয়ার হোসেন জানান, সামনে যেহেতু কুরবানি ঈদ সেই ঈদকে ঘিরে বন্দর দিয়ে মশলা আইটেমগুলোর আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। এর মধ্যে সাদা এলাচ,আদা ও জিরা আমদানি হচ্ছে। প্রতিদিন এসব পণ্য ৮ থেকে ১০ ট্রাক করে আমদানি হচ্ছে যার কারণে সরবরাহ বাড়ায় দাম কমছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক হযরত আলী বলেন, প্রতিবছর কুরবানীর ঈদে দেশের বাজারে মসলা পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে পণ্যের আমদানি বাড়িয়ে দেন আমদানিকারকরা। এবারও ঈদকে ঘিরে আমদানিকারকরা সাদা এলাচ,আদা, কিসমিস,কাজুবাদাম,মৌরি, জিরা আমদানি করছে। বর্তমানে আমদানির যে ধারা তাতে করে আসন্ন কুরবানীর ঈদে মসলা জাতীয় পণ্যের দাম খুবএকটা বাড়ার সম্ভাবনা নেই।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ বলেন, প্রচলিত আইন ও বিধির আলোকে আমরা সর্বোচ্চভাবে ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছি বলেও জানিয়েছেন তিনি।