ফরিদপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

ফরিদপুর জেলা কারাগারের হাজতি শাহ্ আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহ্ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে আসেন। তিনি আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

‎জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রবিবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ্ আলম নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, এ ব্যাপারে জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় সোমবার সকালে একটি অপমৃত্যুর মামলা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।