শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ উদ্বোধন ও ২ বাস হস্তান্তর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র সৌজন্যে দুটি বাস হস্তান্তর ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংক পিএলসি.-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা স¤প্রসারণ এবং নিরাপদ ও উন্নত পরিবহন সুবিধা নিশ্চিতকরণে পূবালী ব্যাংক পিএলসি.-এর এই উদ্যোগ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তারা শিক্ষা ও প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নে ব্যাংকটির ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি. কেবল ব্যাংকিং সেবাতেই নয়, দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রæতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। ভবিষ্যতেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।