‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই আনন্দমেলা’ এই সেøাগানটি বিটিভির পর্দায় বেজে উঠলেই দর্শক বুঝতে পারেন উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। প্রতি ঈদে বিটিভি তাদের এই বিশেষ আয়োজনে নাচ, গান, কৌতুক, এবং তারকাদের ভিন্নধর্মী আড্ডার পসরা সাজিয়ে থাকে। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ছাড়া যেন বাঙালি দর্শকের ঈদ উৎসবই পূর্ণ হয় না। বহু দশক ধরে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। এবারও হচ্ছে না ব্যতিক্রম। তবে প্রচারের সময়সূচি ঠিক থাকলেও এবারের ঈদ আনন্দমেলা সাজানো হয়েছে আরও বড় ও রকমারি আয়োজনে। ব্যতিক্রমী চমক ভরা অনুষ্ঠানটিতে এবার দেখা মিলবে তিন প্রজন্মের তারকাদের ভিন্ন ধারার পরিবেশনা।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনা ও নির্মাণশৈলীতে আধুনিকতার ছোঁয়া এসেছে। জনপ্রিয় সব তারকাদের অংশগ্রহণে এবং বৈচিত্র্যময় পরিবেশনায় এটি পরিণত হয় তারার মেলায়। সাম্প্রতিক বছরগুলোতে আনন্দমেলায় যুক্ত হয়েছে আরও বড় চমক, যার মধ্যে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স অন্যতম। সেই ধারাবাহিকতায় এবারের পর্বটি উপস্থাপনা করছেন টিভি ও সময়ের আলোচিত মডেল-অভিনেতা আফরান নিশো। আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তারের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটিতে রয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘এই বৃষ্টি ভেজা রাতে’ গানের নতুন সংযোজন।
অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও
থাকছেন ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া নতুন ‘কৃষ্ণচূড়া’ গান নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান। গানটির গীতিকার কবির বকুল এবং সংগীতায়োজনে রয়েছেন ইমরান মাহমুদুল। অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।
দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়া কয়েকজন তারকাকে নিয়ে থাকছে একটি কুইজ শো। এখানে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাশার। একটি বিশেষ পারফরমেন্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি।
অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন। গান, নৃত্য, কৌতুক, কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ এই ঈদে দর্শকদের জন্য হয়ে উঠবে বাড়তি বিনোদনের আয়োজন।