সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের (এমপি) জনগণের কল্যাণে নিবেদিত হয়ে এবং দলের ভাবমূর্তি বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে নারী অধিকার, শিশুকল্যাণ এবং সামাজিক বৈষম্য দূরীকরণে জোরালো বক্তব্য ও গঠনমূলক ভূমিকা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে হেলেন জেরিন খান এমপি দেশ রূপান্তরকে বলেন, ‘বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংরিক্ষত নারী আসনের নির্বাচিত এমপিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। পড়াশোনার ওপর তাগিদ দিয়েছেন। পাশাপাশি নির্ভুলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।’
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলার নির্দেশ দিয়ে বলেছেন, ‘কেবল সংসদে নয়, নিজ নিজ এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। তৃণমূলের মানুষের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখতে হবে। দলের নীতি, আদর্শ এবং শৃঙ্খলা বজায় রেখে সংসদ ও সংসদের বাইরে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ করা যাবে না, যা দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে।’
রেহেনা আক্তার রানুু দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার সুযোগ চেয়েছি সংরক্ষিত নারী আসনের এমপিরা। নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে বিশেষ নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছি। জবাবে প্রধানমন্ত্রী সবাইকে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
বৈঠকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।’
তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন। একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একইসঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।’
নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে সেলিমা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক এবং এক্ষেত্রে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন। বর্তমান সরকার যে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে, বৈষম্য দূরীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নারী এমপিরাও সক্রিয় ভূমিকা রাখবেন।’
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা আক্তার উর্মি প্রমুখ।