বিশ্বকাপের ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবল বিশ্বে যে ধোঁয়াশা ছিল, তা অবশেষে পরিষ্কার করেছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি জানান, সান্তোসের হয়ে নেইমারের সাম্প্রতিক শারীরিক অবস্থার উন্নতি এবং তার মাঠের পারফরম্যান্স তিনি পুরো বছর জুড়েই পর্যবেক্ষণ করেছেন।
দল ঘোষণার আগ পর্যন্ত নেইমারকে দলে নেওয়া হবে কি না, তা ছিল এক মস্ত বড় রহস্য। তবে আনচেলত্তি খোলাসা করেছেন যে, হুট করে নয় বরং দীর্ঘ পর্যবেক্ষণ কেটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা পুরো বছর জুড়েই নেইমারের মূল্যায়ন করেছি। আমরা দেখেছি যে, শেষ সময়টাতে ও টানা ম্যাচ খেলছিল এবং ওর শারীরিক অবস্থার (ফিটনেস) বেশ উন্নতি হয়েছে। আমরা মনে করি ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং এই বিশ্বকাপেও ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
মহাতারকা হলেও দায়বদ্ধতা বাকি ২৫ জনের মতোই সমান
স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নেইমার কোনো বাড়তি সুবিধা পাবেন না, তা আবারও মনে করিয়ে দিয়েছেন আনচেলত্তি। তবে গোলরক্ষকদের মতোই কিছু কিছু পজিশনে তিনি অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন বলে উল্লেখ করেন:
"দলের বাকি ২৫ জন খেলোয়াড়ের যে ভূমিকা ও বাধ্যবাধকতা রয়েছে, নেইমারের দায়িত্বও ঠিক একই। ওর শুরুর একাদশে খেলার সুযোগ আছে, আবার বেঞ্চে বসে বদলি হিসেবে নামার সম্ভাবনাও আছে। বাকিদের মতোই ওর কাঁধে সমান দায়িত্ব। ও একজন অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। আর সত্যি বলতে, গোলরক্ষকদের পজিশনের মতোই কিছু কিছু জায়গায় আমরা অভিজ্ঞতাকে একটু বেশি অগ্রাধিকার দিয়েছি।"**
কোচ আনচেলত্তির এই মন্তব্যে স্পষ্ট যে, নেইমারের অভিজ্ঞতাকে তিনি বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের হেক্সা মিশনের বড় অস্ত্র মানছেন, তবে তার জন্য ফিটনেস বজায় রেখে বাকিদের মতোই লড়াই করতে হবে সান্তোস তারকাকে।