বেনাপোল স্থলবন্দরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেনের বগির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক উদ্ধার করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা।
বেনাপোল রেলওয়ে স্টেশনে অবস্থানরত একটি ট্রেন থেকে সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে মাদকের চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন ভারত থেকে পণ্যবাহী ট্রেনে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন খবরে বিজিবির একটি দল বেনাপোল রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের বগির নিচে লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক উদ্ধার করে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বেনাপোল রেলওয়ে স্টেশনে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদকের একটি চালান উদ্ধার করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা। এখন থেকে পণ্যবাহী ট্রেনে নজরদারি বাড়ানো হবে।
কে বা কারা পণ্যবাহী ট্রেনে মাদক পাচার করছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।