দক্ষিণ ও মধ্য চীনজুড়ে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় মঙ্গলবার পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগের কারণে বহু এলাকায় স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংসি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংসি, গুয়াংডং ও হাইনান অঞ্চলে ভূমিধস, আকস্মিক বন্যা এবং শহরাঞ্চলে তীব্র জলাবদ্ধতার উচ্চ ঝুঁকি রয়েছে।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি ব্যবস্থা নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিংঝৌ শহরের অনেক সড়ক হাঁটুসমান পানিতে ডুবে গেছে। আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশে থাকা অনেক গাড়ি প্রায় পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে ভারী বৃষ্টির মধ্যে ১৫ আরোহী বহনকারী একটি পিকআপ ভ্যান পানিতে ফুলে ওঠা নদীতে পড়ে গেলে অন্তত ছয়জন নিহত হন।
এ ছাড়া হুবেইয়ের একটি নিচু গ্রামে আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশেও একজন নিহত হওয়ার খবর জানিয়েছে সিসিটিভি।
পরিস্থিতির অবনতির কারণে হুবেই ও হুনানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।