নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, লালপুর থেকে বনপাড়াগামী ঢাকা মেট্রো-ট-১৬-৮৩১৫ নম্বর ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার মো. ইসরাইল হোসেন (৩১)। এ সময় ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক জাকির আলী খাঁন পনো (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।
তিনি উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খাঁনের ছেলে। অপরদিকে ঘাতক ট্রাকের হেলপার ইসরাইল হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে ।
বর্তমানে ট্রাকসহ ইসরাইল হোসেনকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।