পাগল-জ্বলাতঙ্কগ্রস্ত কুকুর মারতে সুপ্রিম কোর্টের নির্দেশ

পথকুকুর নিয়ে আগের অবস্থানেই অনড় থাকল ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৯ মে) এক গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী আদেশে শীর্ষ আদালত জানিয়ে দিল, জলাতঙ্কে আক্রান্ত ও আক্রমণাত্মক স্বভাবের পথকুকুরদের ক্ষেত্রে স্বেচ্ছামৃত্যু (ইউথানেশিয়া) করার অনুমতি রয়েছে কর্তৃপক্ষের। সেইসঙ্গে পথকুকুর স্থানান্তর সংক্রান্ত আগের নির্দেশ সংশোধনের দাবিতে করা আবেদনও খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।

গত ২৫ নভেম্বর সুপ্রিম কোর্ট স্কুল, হাসপাতাল, রেলস্টেশন ও অন্যান্য প্রাতিষ্ঠানিক এলাকা থেকে সব পথকুকুর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশ সংশোধনের দাবিতে একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই রায় দেয় শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরিয়ে নেওয়া কুকুরগুলিকে একই জায়গায় পুনরায় ছেড়ে দেওয়া যাবে না। এছাড়া কুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুকুরপ্রেমীদের করা একটি আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মানব জীবন রক্ষা করা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দায়িত্ব। জীবনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য। ক্রমবর্ধমান পথকুকুরের উপদ্রব ও জননিরাপত্তার উদ্বেগের প্রেক্ষিতে এই কঠোর অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। 

উল্লেখ্য, পথকুকুর নিয়ে এর আগেও একাধিক নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবারের রায়ে সেই পুরনো সিদ্ধান্তেই অনড় থাকল সর্বোচ্চ আদালত।

সূত্র: এনডিটিভি